পিকনিক চলাকালীন তৃণমূলকর্মীকে গুলি করে খুন। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিকর এলাকায়। ঘটনার তদন্তে গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা যায়, মৃতের নাম দিলীপ সরকার। বাড়ি গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিকর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বিকরে বেশ কয়েকজনের সাথে পিকনিক করছিল দিলীপ সরকার। সেই সময় হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী বলে অভিযোগ। গুলি লাগে বুকের বাঁ দিকে। গুরুতর আহত অবস্থায় দিলীপকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিলীপের পরিবারের অভিযোগ, দিলীপের সঙ্গে পিকনিকে ছিল অসিত। সেই গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু, অসিতের সঙ্গে দিলীপের কবে থেকে কী কারণে বিবাদ তা জানা যায়নি। এ বিষয়ে মুখ খুলতেও রাজি নন কেউ। স্থানীয় নেতৃত্ব অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন।
দিলীপের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও মৃতের স্ত্রী রানি সরকার প্রতিবেশী অসিত সরকারের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গঙ্গারামপুর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
এবিষয়ে মৃতের ভাই গোবিন্দ সরকার জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টাকা ক্লাবের অ্যাকাউন্টে ঢুকেছিল। আর এই খুশিতেই তারা এদিন পিকনিকের আয়োজন করে। সেই সময় অসিত সরকার হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে ও গুলি করে।
এই ঘটনায় স্থানীয় বাসীন্দা কামাল সরকার বলেন, আমি ওখান থেকে চলে আসি। বাড়িতে এসে ফোন মারফত জানতে পারি গুলি চলেছে। গিয়ে দেখি মারা গেছে। তাই তিনি দাবী করেন যে করেছে তার আইনত শাস্তি হোক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9IzJv0-rSXw